সকল মেনু

মায়ের সামনেই মেয়েকে গুলি করে হত্যা, লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন মা

খুলনা নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় বাসার সামনে খুশি বেগম (২৪) নামে এক নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর রোডের টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।

নিহত খুশি বেগম ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

খুশির মা বলেন, ‘সন্ধ্যায় বাজার করা শেষে রিকশায় করে মেয়েকে নিয়ে বাসার গলির মাথায় নামি। এ সময় খুশি আমার আগে রিকশা থেকে নামে। হঠাৎ মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি কাছাকাছি এসে স্বামীর কথা খুশির কাছে জানতে চায়। তখন খুশি বলেছিল কোথায় গিয়েছে জানি না। এ অবস্থায় অস্ত্র বের করে তাদের একজন আমার সামনে খুশিকে গুলি করে এবং আরেকজন কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে শুনেছি তারা আশিক গ্রুপের লোকজন। কেন তারা আমার মেয়েকে এভাবে হত্যা করেছে তা জানি না। আমি হত্যায় জড়িতদের বিচার চাই।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে জিন্নাহপাড়ার বউবাজার ৭ নম্বর গলির মাথায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক। কিছুক্ষণ পর খুশি ও তার মাকে নিয়ে রিকশা এসে গলির মাথায় থামে। খুশি রিকশা থেকে নামতেই তার কাছে এসে স্বামীর কথা জানতে চায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তি। এ সময় খুশির পেছনে থাকা ব্যক্তি তাকে একটি গুলি করে। এরপর আরও কাছাকাছি এসে মাথায় অস্ত্র ঠেকিয়ে আবারও গুলি করে। দুটি গুলির পর খুশি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় সঙ্গে থাকা অপরজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় খুশিকে তার মা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খুশি ও তার স্বামী সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবু দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top