কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিখোঁজ অপর দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার পর সৈকত এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।