ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আপাতত প্রতিষ্ঠানটিকে ওই অর্থ পরিশোধ করতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবী।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত ওই সিদ্ধান্ত জানান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ওই রিট আবেদন দুটি খারিজ করে ২০২৪ সালের ৪ আগস্ট রায় দিয়েছিলেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। তবে একই বছরের ২৯ আগস্ট ওই বেঞ্চ রায় প্রত্যাহার করে নেন।
আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বেঞ্চের দ্বিতীয় বিচারপতি অতীতে এসব মামলায় সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ কারণে রায়টি ত্রুটিপূর্ণ হওয়ার আশঙ্কায় তা প্রত্যাহার করা হয়।
পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট গ্রামীণ কল্যাণের রিট আবেদনসংক্রান্ত রুল খারিজ করে এনবিআরের দাবিকৃত কর পরিশোধের পক্ষে রায় দেন।
সর্বশেষ আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে হাইকোর্টের ওই রায়ের ভিত্তিতে দ্রুত বকেয়া কর আদায়ের কার্যক্রম আপাতত স্থগিত হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।