গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়েও বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ না করে টালবাহানা করে। পরে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান।
একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।