সকল মেনু

অপারেশন ক্লিনহার্ট’ নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে উঠে আসছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তারপরও অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তাঁর বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে চালু হলো ডিজিটাল ফরেনসিক ল্যাব

এদিন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন এ ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের সুযোগ বাড়বে। এত দিন এ ধরনের আলামত বিশ্লেষণের জন্য তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ল্যাব চালুর ফলে সেই নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষায়িত এই ল্যাব স্থানীয় পর্যায়ে এসব তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top