সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ও দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহারকারী ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা সময়সূচিতে পরিবর্তন হলে সংশ্লিষ্ট যাত্রীদের দ্রুত তা জানাতে হবে। এ জন্য এসএমএস, টেলিফোন কল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। ফ্লাইটের বিষয়টি নিশ্চিত না হয়ে যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিতেও বলা হয়েছে।
এ ছাড়া ভিসার মেয়াদ বৃদ্ধি বা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে এয়ারলাইনসগুলোকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাসময়ে নোটিশ না পাওয়া কিংবা পরিস্থিতি সম্পর্কে অবগত না থাকায় যেসব ক্ষতিগ্রস্ত যাত্রী বিমানবন্দরে উপস্থিত হবেন, তাঁদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রবীণ, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি এয়ারলাইনসকে জরুরি ভিত্তিতে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ফোকাল পয়েন্ট এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তাঁদের তথ্য জানাতে বলা হয়েছে।
বেবিচক সব এয়ারলাইনসকে নির্দেশনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের সময় যাত্রীদের নিরাপত্তা, কল্যাণ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।