সকল মেনু

উপসাগরীয় নৌপথের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ চাইল কাতার

উপসাগরীয় অঞ্চলের নৌপথের নিরাপত্তা জোরদার এবং জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো সুরক্ষায় দ্বিগুণ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

ভাষণে কাতারের আমির বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরালো উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।

আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘ব্যতিক্রমী’ উল্লেখ করে তিনি নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হুতিরা ‘খুবই খারাপ আচরণ’ করছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় শনিবার পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব।

অন্যদিকে, ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, এ ষড়যন্ত্রের পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনা থাকার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিত’। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

উপসাগরীয় অঞ্চলে নৌপথ, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এসব ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top