পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ এলাকার মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাত ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি স্পেশাল রেসপন্স টিম ও লাইটিং ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, সরু রাস্তা, ভবনের কাঠামোগত জটিলতা এবং গোডাউনে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। বিকেল ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়।
প্রাথমিকভাবে ভবনটির কসমেটিকস ও ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। পরে আগুন বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোতে প্রচুর মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগছে।
লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, সরু রাস্তাঘাটের কারণে বিশেষায়িত ও ভারী গাড়ি ঘটনাস্থলে নেওয়া কঠিন হচ্ছে। আগুন কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে হতাহতের কোনো খবর নেই। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের দুজন কর্মী প্রাথমিকভাবে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ভবনটির ষষ্ঠ তলায় থাকা মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পঞ্চম তলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে ভবনের কাঠামো ও দোকানগুলোর বিন্যাসের কারণে তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন সদস্য কাজ করছেন। তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঘটনাস্থলে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।