সকল মেনু

৫ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৯ এপ্রিল তৃতীয়, ১৩ মে চতুর্থ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধাপের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ছয় সপ্তাহ আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জেলা ধরে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ ক্ষেত্রে উপজেলা সদরকে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশ আর কোনো সংঘাতপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন এই কমিশনার।

এর আগে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক তারিখ ঘোষণা করায় সরকারের সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। পরে আন্তঃমন্ত্রণালয় সভার পর নিজেদের অবস্থান থেকে সরে আসে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর প্রায় এক মাস পর সোমবার আবারও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসে কমিশন। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে শুরু হওয়া সভা চলে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে, কমিশনের সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top