সকল মেনু

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তার ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষার্থী ও শিক্ষকরা চান না। তাকে ছাত্রদলের কয়েকজনের সহায়তায় জোর করে চেয়ারে বসতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করে বলেন, উপাচার্য এতদিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। পরে ছাত্রদলের কয়েকজনের সহায়তায় তাকে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নেই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’

সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও ডিলার পেয়েছে, আবার এমপির শ্যালিকাও পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।’

এ ধরনের মানসিকতার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নিচু মন-মানসিকতা ত্যাগ করে যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিতে হবে। জেন-জি প্রজন্মের তরুণদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top