সকল মেনু

সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে ধ্রুব রাঠিসহ আটক সহস্রাধিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিসহ অন্তত এক হাজার জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠিরও। তবে শনিবার ভোরে রাজধানী-সংলগ্ন গুরুগ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচি ঘিরে যন্তর মন্তর এলাকায় সাত স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ। নিরাপত্তাবেষ্টনী ভেঙে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করার অভিযোগে শনিবার কনট প্লেস এলাকা থেকে আরও ১৫০ জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে নয়াদিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার মানুষকে আটক করে পুলিশ।

সিজেপির কর্মসূচি ঘিরে রাজধানীতে ২৫ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারির জন্য বসানো হয়েছে তিন শতাধিক ক্যামেরা। আটক ব্যক্তিদের রাখার জন্য দিল্লির বিভিন্ন স্থানে ১২টি অস্থায়ী বন্দিশিবিরও প্রস্তুত রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে প্রশাসনিক নিয়মকানুন, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তাঝুঁকি এবং যান চলাচলে বিঘ্নের আশঙ্কার কথা উল্লেখ করে আবেদনটি প্রত্যাখ্যান করে পুলিশ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াদিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করেছেন সিজেপির শীর্ষ সংগঠক অভিজিৎ দীপকে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

অভিজিৎ দীপকে বলেন, বিক্ষোভ শুরু হওয়ার আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন এবং দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে ফেলার ঘটনাকে তিনি সরকারের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top