সকল মেনু

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে স্টাফ বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোনা জেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী ‘একে‌এইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর চালক আবুবকর সিদ্দিক মারা যান।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় স্টাফ বাসটির চালককে আটকের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top