সরকারি সেবা পেতে একজন নাগরিককে যেন একাধিক সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরতে না হয়, সে জন্য সমন্বিত ও সহজ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করে দ্রুত সাড়া দেওয়া। স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সরকারি সহায়তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণের পর বাংলাদেশ এরই মধ্যে প্রথম ১০ বছর পার করেছে। এ অভিজ্ঞতার আলোকে সরকার নতুন সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের প্রতি দয়া বা করুণা প্রদর্শনের বিষয় নয়। এর মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের মানবিক মর্যাদা রক্ষা, টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা পেতে যাতে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে না হয়, সে জন্য সেবাব্যবস্থাকে আরও সমন্বিত, সহজ ও নাগরিকবান্ধব করতে হবে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।