সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফেসবুকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার ৪৯ নম্বর রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা হক বেবী।
প্রধান শিক্ষক নাছিমা হক বেবীর অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর ‘মো. শাকিবুল ইসলাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে এআই দিয়ে তৈরি একটি ভিডিও প্রচার করা হয়। ওই ভিডিওতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালানো হয়েছে।
এ ঘটনায় এক প্রতিবাদলিপিতে প্রধান শিক্ষক নাছিমা হক বেবী বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা সব সময় তাকে সহযোগিতা করে আসছেন।
তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে তিনি বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের বই, স্কুল ড্রেস, জুতা ও খেলাধুলার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। তার দুই সন্তান লেখাপড়ার জন্য বাইরে থাকলেও তারা ইতোমধ্যে তাদের শিক্ষা জীবন শেষ করেছে বলেও জানান তিনি।
প্রতিবাদলিপিতে নাছিমা হক বেবী বলেন, সম্প্রতি ফেসবুকে প্রচারিত এআই নির্মিত ভিডিওটি তার নজরে আসে। ভিডিওতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বিদ্যালয়ে মোট ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৭৫ জন উপবৃত্তি পায়। উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিজ নিজ মোবাইল নম্বরে জমা হয়। ফলে এ অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই।
মিডডে মিল নিয়েও অভিযোগটি সঠিক নয় দাবি করে তিনি বলেন, বিদ্যালয়ে পাওয়া খাবার যথাযথভাবে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। খাবার আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি।
নিজের বাবার কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, তার বাবার একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যা রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে। ওই কিন্ডারগার্টেনের কাছেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নিজের বিদ্যালয়ের দায়িত্ব ও সংসার সামলে সেখানে যাওয়ার মতো সময় তার নেই বলেও দাবি করেন তিনি।
নাছিমা হক বেবী বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত ভিডিওতে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, সেগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অসাধু কোনো ব্যক্তি তার সুনাম ও কর্মজীবন নিয়ে ঈর্ষান্বিত হয়ে এমন অপপ্রচার চালিয়ে থাকতে পারেন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন এআই ভিডিও তৈরি করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।