সকল মেনু

মদিনায় হামলার অভিযোগ হুথিদের বিরুদ্ধে, অস্বীকার তাদের

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি জোট জানায়, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জোটের দাবি, হামলায় একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। তবে এতে মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

সৌদি নেতৃত্বাধীন জোট আরও দাবি করেছে, হামলায় ব্যবহৃত ড্রোন পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে, হুথিরাই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

তবে হুথিদের একটি সূত্র বার্তাসংস্থা সাবাকে জানিয়েছে, মদিনায় হামলার অভিযোগ ‘মিথ্যা’। সূত্রটির দাবি, এর আগে মক্কায় হামলার চেষ্টা চালানোর অভিযোগও সৌদি আরব করেছিল, যা হুথিরা প্রত্যাখ্যান করেছিল।

সৌদি জোটের অভিযোগ, হুথিরা কাবা শরিফ ও মসজিদে নববীকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করছে। তাদের ভাষ্য, এ ধরনের হামলার মাধ্যমে মুসলিম বিশ্বে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

দুই পবিত্র স্থান রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top