নেত্রকোণার কেন্দুয়ায় বাকিতে সিগারেট বিক্রি করতে রাজি না হওয়ায় ইব্রাহীম খলিল নামে এক মুদি দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামে এক স্থানীয় যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে দোকানটির বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার (২ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুমন সাহিতপুর বাজারে ইব্রাহীমের মুদির দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। ইব্রাহীম বাকিতে কেনাবেচা করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন পেট্রোল এনে ব্যবসায়ী ইব্রাহীম ও তার দোকানের মালামালের ওপর ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহীমের শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।