সকল মেনু

থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধর করলেন যুবদল নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার ভেতরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে মোটরসাইকেল পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে সীতাকুণ্ড মডেল থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কর্তব্যরত কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কনস্টেবল শফিক আহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানার চত্বরে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা-কাটাকাটির জের ধরেই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top