সকল মেনু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কেন্দ্রটির প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিআরওভি) সমস্যা সমাধানের পর ১৬ মেগাপাসকেল উচ্চচাপে এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকালে শুরু হওয়া এই পরীক্ষা চলে রাত পর্যন্ত। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—উভয় স্থান থেকেই পরীক্ষাটি পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান পিআরওভি ভালভের সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষার শুরুতে কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। এ সময় ভালভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়।

অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে অনুসরণ করেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান ড. জায়েদুল। পরীক্ষা শুরুর আগে এবং চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়।

ড. জায়েদুল হাসান বলেন, পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

তিনি আরও বলেন, কমিশনিং কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং এবং নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পরই পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে ভালভটির আরও একটি পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে এগোচ্ছে এবং প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাইয়ের পর পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে।

এর আগে সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় অনিশ্চয়তায় পড়ে। রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই ইউনিট-১ চালুর লক্ষ্যে ইউনিট-২ থেকে একটি পাইলট-অপারেটেড রিলিফ ভালভ (পিআরওভি) ইউনিট-১-এ স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন।

গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের সেফটি ভালভে ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে তখন ত্রুটি মেরামত বা বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

পরবর্তীতে ভালভের সমস্যা সমাধানে রাশিয়া সরকারের সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় ভালভের সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।

এ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের প্রথম চালান বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রূপপুর প্রকল্পের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ পুরো সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, একাধিক ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে।

এনপিসিবিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সাধারণত জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পৌঁছায়। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে পরদিন শুক্রবার সকালে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। সেই হিসেবে ১ অক্টোবর প্রথম চালান ঢাকায় পৌঁছানোর পর শুক্রবার (২ অক্টোবর) বিশেষ নিরাপত্তায় সড়কপথে ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top