জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক টড রান্ডগ্রেন। তাঁর দাবি, সুইফটকে ‘সংগীতকে ধ্বংস করার’ জন্য দায়ী করা যায়। পাশাপাশি তিনি টেইলর সুইফটকে ‘মধ্যম মানের সংগীতের চূড়ান্ত প্রতীক’ বলেও মন্তব্য করেছেন।
‘ভালচার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে টড রান্ডগ্রেনকে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ের কোনো শিল্পীকে নিয়ে ব্যঙ্গাত্মক অ্যালবাম তৈরি করার সুযোগ পেলে তিনি কাকে বেছে নেবেন। জবাবে তিনি টেইলর সুইফটের নাম উল্লেখ করেন।
১৯৭৭ সালে মিট লোফের ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম প্রযোজনা করেছিলেন টড রান্ডগ্রেন। অ্যালবামটি মূলত ব্রুস স্প্রিংস্টিনকে ব্যঙ্গ করে তৈরি করা হলেও পরে ব্যাপক জনপ্রিয়তা পায়।
টেইলর সুইফটকে নিয়ে ব্যঙ্গাত্মক অ্যালবাম তৈরির প্রসঙ্গে টড বলেন, তাঁকে নিয়ে এমন একটি অ্যালবাম করা যেতে পারে, যার মাধ্যমে দেখানো হবে কীভাবে সুইফট সংগীতকে ধ্বংস করেছেন।
সুইফটকে নিয়ে সমালোচনার পাশাপাশি সংগীতাঙ্গনে নারীদের প্রাধান্য নিয়েও মন্তব্য করেন টড। তাঁর মতে, বর্তমান সময়কে সংগীতের ‘নারীদের যুগ’ বলা যায়।
এর ব্যাখ্যায় তিনি বলেন, নব্বইয়ের দশকে তরুণ পুরুষরা সংগীতের পেছনে খরচ কমিয়ে ভিডিও গেমে বেশি অর্থ ব্যয় করতে শুরু করেন। তখন সংগীতের বাজারে নতুন শ্রোতা হিসেবে কিশোরীদের দিকে নজর দেওয়া হয়। এর ফলে ব্যান্ডকেন্দ্রিক সংগীতের পরিবর্তে কিশোরীদের লক্ষ্য করে সংগীত তৈরির প্রবণতা বাড়ে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে টেইলর সুইফট সাম্প্রতিক সময়ে সংগীতাঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছেন। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ থেকে প্রকাশিত ‘পেশেন্ট জিরো’ গানটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ব্যাপক সাড়া পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টড রান্ডগ্রেন ষাটের দশকে পেশাদার সংগীতজীবন শুরু করেন। পরবর্তী সময়ে একক শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ইলেকট্রনিক সংগীত, প্রগ্রেসিভ রক, মিউজিক ভিডিও এবং সংগীতে কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। ২০২১ সালে তিনি ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।