সকল মেনু

সিরিজের এক মাস আগে সূর্যবংশীকে বড় চ্যালেঞ্জ দিলেন নিউজিল্যান্ড কোচ

পেশাদার ক্রিকেটে অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার আন্তর্জাতিক ক্রিকেটে তার সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। আগামী অক্টোবরের ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি কন্ডিশনে সূর্যবংশী কীভাবে ব্যাটিং করেন, সেটিই দেখতে চান তিনি।

২১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে বুধবার সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দল ঘোষণার পর সূর্যবংশীকে নিয়ে নিজের আগ্রহের কথা জানান কিউই কোচ।

ওয়াল্টার বলেন, পেস ও বাউন্সি উইকেটে সূর্যবংশীর ব্যাটিং কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় আছেন তিনি। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তরুণ এই ব্যাটার নিজের সামর্থ্য দেখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ভিন্ন কন্ডিশনে সেই সাফল্য ধরে রাখতে পারেন কি না, সেটিই হবে বড় পরীক্ষা।

কিউই কোচের ভাষায়, ‘আমি তাকে পেস-বাউন্সি উইকেটে দেখতে চাই এবং দেখতে চাই সেখানে তার খেলাটা কতটা ভিন্ন দেখায়। তবে সে অবশ্যই রোমাঞ্চকর একজন খেলোয়াড়। আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তাকে দাপট দেখাতে দেখেছি। চ্যালেঞ্জটা হলো, ভিন্ন কন্ডিশনে সে সেটি কীভাবে সামলায়।’

নিজেদের কন্ডিশনে সূর্যবংশীকে কীভাবে বোলিং করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওয়াল্টার। তিনি বলেন, কোচ হিসেবে তারা চান খেলোয়াড়রা কিছুটা চাপের মধ্যে থাকুক এবং সেই পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখা।

ওয়াল্টার আরও বলেন, সূর্যবংশী দলে থাকলে তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা দেখতে তিনি আগ্রহী। তবে ভারতীয় দলে তাকে না পাওয়া গেলেও তাদের দলে আরও অনেক ভালো খেলোয়াড় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মাত্র ১৩ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক হওয়া সূর্যবংশী ১৪ বছর বয়সে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ১৫ বছর বয়সে আইপিএলের অরেঞ্জ ক্যাপও জেতেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুত নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই কিশোর ব্যাটার।

এর আগে মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের সেই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।

বিশ্বকাপের ফাইনালের সেই হার প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ফাইনালে হারের বিষয়টি অবশ্যই তাদের মনে আছে। তবে প্রতিশোধের চেয়ে নিউজিল্যান্ড ও ‘ব্ল্যাক ক্যাপস’কে ভালোভাবে প্রতিনিধিত্ব করাই তাদের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top