কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে মাঠে নামে। নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ৬২৪ জনের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের ধরন ও অতীতের অপরাধের রেকর্ড যাচাই করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।