সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো সাংবাদিকতা। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং এ জন্য অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।
দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র ২০ দিন হলো দায়িত্বে এসেছি। কতখানি করতে পারব, না পারব—সেটা অবশ্যই একটি সিস্টেমের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন। আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’
নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তিনি উপলব্ধি করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটির প্রতিই তার দায়িত্ব রয়েছে।
গত ১৭ বছরে একটি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সেই ব্যবস্থা ঠিক করা বড় চ্যালেঞ্জ। একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ হলেও পুরোনো ও ভাঙাচোরা ভবন সংস্কার করে নতুন করে গড়ে তোলা অনেক বেশি কঠিন।
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে যে কোনো সময় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তিনি বলেন, ‘যখন যেটা আপনাদের দরকার, যখন যেটা প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশা আল্লাহ, আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব। আমরা আপনাদের সঙ্গে আছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।