দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে ৯৩০ জন এবং হামে আক্রান্ত হয়ে ১০০ জনসহ মোট ১ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ২০ হাজার ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৭২ হাজার ৭২০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।