ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে প্রস্থান করেন।
কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়। এ ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। একই বিধিমালার ১২(১) অনুযায়ী আ ফ ম নিজাম উদ্দিনকে গত ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।