আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিন খন্দকার ওই এলাকার মৃত হাসান আলী খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বকুল মোল্যা ও মিশরু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সালথা থানায় দায়ের করা মামলায় আমিন খন্দকারকে এজাহারনামীয় আসামি করা হয়। পরে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে চলতি বছরের ১৯ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আমিন খন্দকার। ওই পোস্টে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।