সকল মেনু

আবার মারাকানায় হবে বিশ্বকাপের ফাইনাল, রেকর্ড গড়তে যাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের আট শহরকে ঘিরে অনুষ্ঠিত হবে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের শহরগুলোর তালিকা ও প্রাথমিক ভেন্যু পরিকল্পনা প্রকাশ করেছে ফিফা। প্রতিটি শহরে অন্তত সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি শহরেই থাকবে অন্তত একটি নকআউট ম্যাচ।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে হবে শেষ ষোলোর আগ পর্যন্ত ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে। আর সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে রিও ডি জেনেইরো ও সাও পাওলো।

তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৭ নারী বিশ্বকাপের ফাইনাল। এর মধ্য দিয়ে পুরুষ ও নারী—দুই বিশ্বকাপের ফাইনাল আয়োজনের বিরল কীর্তি গড়তে যাচ্ছে মারাকানা।

এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম ও যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছে। এবার সেই বিশেষ তালিকায় নাম লেখাতে যাচ্ছে ব্রাজিলের মারাকানা।

২০২৭ নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের আবেগের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই তিনি রোমাঞ্চিত হন।

ইনফান্তিনোর বিশ্বাস, আট আয়োজক শহরের বৈচিত্র্য এবারের নারী বিশ্বকাপকে আরও বর্ণিল করে তুলবে। শুধু মাঠের ফুটবল নয়, আয়োজক শহরগুলোর সংস্কৃতি ও সমর্থকদের উচ্ছ্বাসও টুর্নামেন্টের আবহে আলাদা মাত্রা যোগ করবে বলে আশা করছে ফিফা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top