নিজস্ব প্রতিবেদক
অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত শত শত উদ্যোক্তা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, আর্থিক ক্ষতি ও চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সংকটের দ্রুত ও ন্যায়সংগত সমাধান চেয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি কার্যক্রম বন্ধ হয়ে গেলে শুধু একটি ব্যবসা বন্ধ হয় না; এর সঙ্গে উদ্যোক্তাদের পরিবার, কর্মচারী এবং সাধারণ গ্রাহকদের জীবন ও আর্থিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়।
তাঁরা প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি কোনো অপরাধ করেছি? অপরাধ না করলে আমাদের জীবিকা কেন বন্ধ থাকবে এবং ভবিষ্যৎ কেন অনিশ্চয়তার মধ্যে থাকবে?’
উদ্যোক্তারা বলেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা চান না। তাঁরা চান ন্যায়সংগত সিদ্ধান্ত, দ্রুত সমাধান এবং কর্মসংস্থানের পথ পুনরায় খুলে দেওয়া।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সাধারণ মানুষ, উদ্যোক্তা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সংকটে দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সংকটের একটি ন্যায়সংগত সমাধান হলে শত শত উদ্যোক্তা ও তাঁদের পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে উদ্যোক্তারা বলেন, বিষয়টি আর দীর্ঘসূত্রতায় না রেখে দ্রুত তদন্ত, বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং এজেন্ট উদ্যোক্তা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
তাঁরা বলেন, ‘আমরা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। আমরা সবসময় নিয়ম মেনে চলেছি এবং ভবিষ্যতেও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। কর্তৃপক্ষের নির্দেশনাও আমরা মেনে চলব। তবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় শুধু অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাক—এটি আমরা চাই না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সংকট নিয়ে এর আগেও একাধিকবার সংবাদ সম্মেলন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়সংগত সমাধানের জন্য বারবার আবেদন ও আলোচনা করা হলেও এখনো প্রত্যাশিত কার্যকর ও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
উদ্যোক্তারা বলেন, বুধবারের সংবাদ সম্মেলন কোনো হঠাৎ সিদ্ধান্তের ফল নয়। দীর্ঘদিনের অপেক্ষা, আবেদন ও আলোচনার পরও সংকটের সমাধান না হওয়ায় আবারও গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে।
তাঁদের আশা, গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার মাধ্যমে তাঁদের দাবি আরও জোরালোভাবে সরকারের কাছে পৌঁছাবে।
উদ্যোক্তারা বলেন, ‘আর কোনো সংবাদ সম্মেলন নয়, আর কোনো দীর্ঘ অপেক্ষা নয়; এবার আমরা একটি কার্যকর, ন্যায়সংগত ও স্থায়ী সমাধান দেখতে চাই।’
সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, ‘আমরা সংঘাত চাই না, সমাধান চাই; আন্দোলন চাই না, ন্যায়বিচার চাই। আমরা কারও বিরুদ্ধে নই, নিজেদের অধিকার ও জীবিকার পক্ষে।’
শেষে অগ্রণী ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান, এজেন্ট উদ্যোক্তাদের অনিশ্চয়তা দূর করা এবং তাঁদের কর্মসংস্থান ও জীবিকার পথ পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান উদ্যোক্তারা।
তাঁদের ভাষ্য, রাষ্ট্র তাঁদের কষ্টের কথা শুনবে—এই বিশ্বাসেই তাঁরা একটি ন্যায়সংগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।