সকল মেনু

‘বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান একদিন ভারতের অংশ হবে’

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একদিন পুনরায় ভারতের অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। এ বিষয়ে ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এ মন্তব্য করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন। তাঁর দাবি, এ ধরনের পরিস্থিতি মানবসভ্যতার ইতিহাসে বড় ধরনের নিষ্ঠুরতার উদাহরণ।

ধর্মান্তর ও ছত্তীসগড়ে এ বিষয়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগকে অনেক সময় রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যবহার করা হয়। তাঁর দাবি, ভারতে কোনো ধর্মই বিপন্ন নয়; বরং দেশের সম্মান ও মর্যাদা হুমকির মুখে রয়েছে।

সনাতন ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, সনাতন সংস্কৃতি ও ধর্মের মধ্যে কোনো মৌলিক ত্রুটি নেই। সমাজের কিছু মানুষের বিকৃত মানসিকতার কারণে বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ অনুসরণ করলে ধর্মান্তরের প্রয়োজন হবে না।

ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন রামদেব। তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয় নাগরিকদের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান। পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নেওয়া, রুপির মান ডলার ও পাউন্ডের সমপর্যায়ে উন্নীত করা এবং ভারতীয় পাসপোর্টকে এমন শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে ভিসার প্রয়োজন না হয়।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সমান মর্যাদা ভারত অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top