সকল মেনু

বাংলাদেশে আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার এ প্রতিবেদন আমলে নিচ্ছে না। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশে সংগঠনটির স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।”

তিনি আরও বলেন, “আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্ট এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার অন্তরে, সেখানে বলা হয়েছে যে, তারা একটা অ্যাজিউম করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ সময় তাকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমিও গুঞ্জন শুনতেছি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top