অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকদের অনেকেই বিশেষভাবে প্রশংসা করেছেন মেহেদী হাসান মিরাজের।
কিংবদন্তিদের এমন প্রশংসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মিরাজ। তিনি বলেন, দলের সবাই এই জয় দারুণভাবে উপভোগ করছেন। গ্যালারি থেকেও তারা অনেক সমর্থন পেয়েছেন। বিশ্বমানের ক্রিকেটাররা বাংলাদেশের প্রশংসা করায় বিষয়টি তার কাছে অনেক বড় অর্জন।
মিরাজের কাছে বিশেষ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা। পাঁচ উইকেট নেওয়ার পর গিলক্রিস্ট তার সাক্ষাৎকার নেন এবং বাংলাদেশ দলের পারফরম্যান্টের প্রশংসা করেন। মিরাজ জানান, গিলক্রিস্ট তাকে একাধিকবার অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের এমন পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও অবাক হয়েছেন বলে জানিয়েছেন।
মিরাজ বলেন, একজন কিংবদন্তি ক্রিকেটার যখন পুরো দলকে নিয়ে এত ভালো কথা বলেন, তখন নিজের কাছেও বিষয়টি খুব ভালো লাগে। মাঠে খেলার পর এমন স্বীকৃতি পাওয়া তাদের আরও অনুপ্রাণিত করে।
অস্ট্রেলিয়ান দর্শকদের প্রশংসা করতেও ভুল করেননি মিরাজ। তিনি জানান, একবার নাশতার সময় ৯০ বছরের বেশি বয়সী এক অস্ট্রেলিয়ান নারী তাকে অভিনন্দন জানিয়েছেন। তার এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের মতে, অস্ট্রেলিয়ার দর্শকরা ক্রিকেটকে ভালোভাবে বোঝেন এবং ভালো পারফরম্যান্সের মূল্যায়ন করার পাশাপাশি খারাপ সময়েও সমর্থন দিয়ে যান।
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে মিরাজ বলেন, তিনি সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন। তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা কথা হলেও সেগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের কাজেই মনোযোগী থাকতে চান। অধিনায়ক থাকুন বা না থাকুন, বাংলাদেশের হয়ে ভালো কিছু করার চেষ্টা সবসময়ই থাকবে তার।
মিরাজের ভাষায়, ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের নামে ইতিবাচক কিছু হওয়াটাই তার কাছে বেশি আনন্দের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।