কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন ও তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা কমিটির সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, দুই ভাই দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।
পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের পাশে খিচুড়ি রান্না করছিলেন। সেখানে তারা সংগঠিত হচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন—এমন খবরের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।