সকল মেনু

পদত্যাগ করছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয়ভাবে তার প্রার্থিতা চূড়ান্ত হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মন্ত্রিত্বের পাশাপাশি বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগের প্রক্রিয়া শুরু হতে পারে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গত ১ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায়। অনেকে তাকে শুভেচ্ছা জানালেও সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আগে হোক, তারপর।’

মির্জা ফখরুল নিজেও জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১৩ আগস্টের পর বিষয়টি পরিষ্কার হবে। তিনি বলেন, প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে। তবে দলীয় সূত্র অনুযায়ী, মির্জা ফখরুলের নামই সবচেয়ে এগিয়ে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করেছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে।

ফলে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হলে সংসদে দলটির সংখ্যাগরিষ্ঠতার কারণে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top