সকল মেনু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিল্প এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। আগুনে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয় বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী নিহত ১৬ জনই বাংলাদেশি। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলেও উপস্থিত রয়েছেন।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত শনাক্ত ও দেশে ফেরত পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

এর আগে রোববার রাতে এক শোকবার্তায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top