পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধিদল। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। কৃষি, সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি ও আইটিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল সফর করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তাদের এই সফর। বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করেছেন।
তিনি জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আগ্রহ জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্সকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। চলতি বছরেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর মিটিং হবে বাংলাদেশে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৭০ হাজারের বেশি রোহিঙ্গাদের পাসপোর্ট মিমাংসিত বিষয়। এটা নিয়ে সৌদিতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।
শুধু একটি সেক্টরে আটকে না থেকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চায় বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।