প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও তর্ক-বিতর্কের পর এখন সময় দেশকে এগিয়ে নেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং জনগণকে সতর্ক করা। একই সঙ্গে জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, জনগণ এখন শান্তি, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান চায়। পাশাপাশি জনগণ তাদের রাজনৈতিক অধিকার যথাসময়ে প্রয়োগ করতে চায়। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ আন্দোলন ছিল সর্বস্তরের জনগণের আন্দোলন এবং জনগণের অংশগ্রহণের কারণেই তা সফল হয়েছে। তিনি দাবি করেন, এই সাফল্যের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; বরং গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।
তিনি আরও বলেন, গত ১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে ছিল এবং জনগণকে কখনো একা ফেলে যায়নি।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক বিভেদ ভুলে জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।