জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
সফরে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা ডা. মিতুসহ আরও কয়েকজন নেতা।
হবিগঞ্জে সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থান ও কর্মসূচির ভেন্যুগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার কয়েকটি উপজেলায় বিজিবিও দায়িত্ব পালন করছে।
দলীয় সূত্র জানায়, দুই দিনের এই সফরে কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন।
এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, সফর উপলক্ষে বিভাগের বিভিন্ন উপজেলায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।