সকল মেনু

রাষ্ট্রপতি নির্বাচন যেকোনো সময়, প্রস্তুত ইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় প্রাথমিক আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে এবং কমিশন যেকোনো সময় সাংবিধানিক এই নির্বাচন আয়োজন করতে সক্ষম।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও তফসিল এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনসূচি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন কার্যালয় থেকেই পুরো নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, তা নির্বাচন পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনসহ আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সে কারণে কমিশন দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।

সংসদীয় আসন বা অন্য কোনো রাজনৈতিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি। প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top