রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) পাবনা জেলা শাখার উদ্যোগে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) পাবনা শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক জীবন সদস্য অংশগ্রহণ করেন।
পাবনা জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাহিত্য সম্পাদক অধ্যাপক এ.এস.এম. আব্দুদুল্লাহ এবং যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরহাদ আলম।
এছাড়া বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক আব্দুল গাফ্ফার খান এবং সাঁথিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেকসহ বিশিষ্ট শিক্ষাবিদরা।
সম্মেলনে বক্তারা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং অ্যালামনাই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক বজায় রাখার অন্যতম কার্যকর মাধ্যম হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যালামনাই সংগঠন দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে।
তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শাখা কমিটি গঠন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ ইদ্রিস পাবনা জেলা শাখার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও কল্যাণমুখী প্রতিষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের সহায়তা, গবেষণা ও প্রকাশনায় সহযোগিতা, স্কলারশিপ প্রদান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পাবনা জেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মেধাবীদের পুরস্কৃতকরণ এবং সদস্যদের সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা প্রদানের বিষয়েও সংগঠনটি কাজ করবে।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘এক দেহ, এক প্রাণ—আমরা সবাই রাবিয়ান’ স্লোগানে মুখরিত এই আয়োজন অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।