সকল মেনু

‘সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে হবে’

সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে আয়োজিত ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘প্রধানমন্ত্রী কক্সবাজারে বিরোধী দলের বাজেট সমালোচনার বিষয়ে মন খারাপ করেছেন; কিন্তু আমরা কেন প্রশংসা করব? এই বাজেটে দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক দখল বন্ধ করার কোনো রাস্তা রাখা হয়নি। এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে; আর কত টাকা সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে যাবে, তার কোনো সঠিক হিসাব নেই। এটি একটি বাস্তবতা–বিবর্জিত বাজেট, যা বাস্তবায়ন করতে বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে। দেশে সুশাসন, স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত না হলে এই দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে না।’

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে ব্যাংক দখল শুরু হয়েছে এবং ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এস আলমের গাড়িতে চড়ে কে সংবর্ধনা নিয়েছিলেন এবং কারা তাঁকে প্রোটেকশন (সুরক্ষা) দিচ্ছেন, তা বাংলাদেশের জনগণ জানে। জনগণ এই দখলদারি কোনোভাবেই মেনে নেবে না ।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশের মারধরের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে গণভোটের রায় অনুযায়ী পুলিশ, দুদক ও বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালও (শুক্রবার) চট্টগ্রামে একজন ক্রিকেটারকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। পুলিশ সংস্কার না হওয়ায় জনগণের ওপর আবারও জুলুম শুরু হয়েছে। সরকার যদি আবার স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তবে জনগণকেও গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে হবে।

ভারত থেকে নতুন হাইকমিশনার আসার পরপরই মৌলভীবাজার সীমান্তে আবারও এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। বাংলাদেশ ও ভারতের আকাশ এবং মাটি এক নয়; এর ফয়সালা ১৯৪৭ সালেই হয়ে গেছে। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালে বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top