যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। তার স্বামী বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। আগামী ৩০ জুন তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফক্স নিউজ জানিয়েছে, গ্যাবার্ডের পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের কার্যালয়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, ২০২৬ সালের ৩০ জুন থেকে কার্যকর হতে যাওয়া আমার পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। আমার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।’
গ্যাবার্ড জানান, এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকা এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্যই তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নেন। চলতি মাস পর্যন্ত তিনি সরকারের পাঁচ লাখেরও বেশি পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেন। এসব নথির মধ্যে ট্রাম্প-রাশিয়া তদন্ত, জন এফ কেনেডি হত্যাকাণ্ড এবং রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড-সংক্রান্ত নথিও রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।