যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রুবিও বলেন, চুক্তি নিয়ে ইতিবাচক কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি জানান, পাকিস্তানি কর্মকর্তারা বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন এবং এতে আলোচনায় আরও অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় একটি ভালো চুক্তিকে গুরুত্ব দিয়েছেন। যদি আমরা একটি কার্যকর ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে সেটি হবে অসাধারণ অর্জন।’
তবে চুক্তি না হলে বিকল্প ব্যবস্থাও রয়েছে বলে ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত না বললেও তিনি উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন— ভালো চুক্তি না হলে তার হাতে অন্য বিকল্পও রয়েছে। সবাই জানেন সেটি কী হতে পারে।’
রুবিও আরও বলেন, ‘আমি অতিরিক্ত আশাবাদী হতে চাই না। তবে চুক্তির বিষয়ে কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।’
উল্লেখ্য, গত ২৮ মে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর রয়েছে। যদিও যুদ্ধবিরতি এখনো নাজুক অবস্থায় আছে, তবুও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।