অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলেও মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত আইনের হাতে তুলে দিতে হবে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের আশপাশে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে কি না সেদিকে সতর্ক নজর রাখার আহ্বান জানিয়ে দুদু বলেন, যারা অপকর্ম করছে তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাহলে তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে।
অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তার দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মূলত নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি দাবি করেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন এবং কারা কোন সময়ে কী ভূমিকা পালন করেছে, তা জনগণের জানা আছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তখন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আগে নিয়ন্ত্রণে থাকা রোগও আবার ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করে দুদু বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, আর এখন প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিলে একটি পক্ষ সেখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৮ বছর ধরে দলটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
এ সময় তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরে নেতাকর্মীদের দলীয় নেতৃত্বের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। এতে আরও বক্তব্য দেন ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।