সকল মেনু

দেশের মানুষ কখনও জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে এসে জামায়াতকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কোনও দিন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনবে না।’

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়। বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি অভিযোগ করে বলেন, ধর্মের নামে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী ফায়দা নিতে চায়। ‘ধর্মের নামে মিথ্যাচার করে, বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। জনগণের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে,’ বলেন তিনি।

জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকার প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘জামায়াতে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। তাই এদেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।’

এসময় তারেক রহমান–এর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারবো না, কিন্তু এটা হবে আমাদের গর্ব।’

এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দেন মির্জা ফখরুল। সেখানে তিনি বলেন, ‘আমি সব সময় আপনাদের বলেছিলাম—এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো রক্ষা করতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top