সকল মেনু

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বর্তমান সরকার করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয় তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।

বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির নায্য হিস্যায় একমাত্র বিএনপি আন্দোলন করেছে।

ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক উল্লেখ করে তারেক রহমান বলেন, এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং কৃষি, দুর্যোগ ও ভূমিকম্পের সঙ্গেও সম্পর্কিত। প্রাকৃতিক দুর্যোগ আসবে যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য অন্যান্য অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।

প্রকৃতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গরিব দেশ আমরা, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে উন্নত দেশে উন্নীত করতে পারব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে। দুর্যোগ মোকাবিলা সম্পূর্ণভাবে করা যাবে না ঠিকই, কিন্তু দেশের মানুষ সচেতন না হলে প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top