বিশ্বকাপে নেইমার খেলবেন কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরে ফুটবল অঙ্গনে চলছিল তুমুল আলোচনা। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই এবং মাঠের বাইরের নানা গুঞ্জনের পর অবশেষে সব অনিশ্চয়তার অবসান হলো।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে মঙ্গলবার (১৯মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমার জুনিয়র।
দল ঘোষণার সময় নেইমারের নাম উচ্চারণ হতেই উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরলেন দেশটির অন্যতম বড় তারকা।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। চোট ও ফর্মহীনতার কারণে গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাঁকে দলে রাখেননি আনচেলত্তি। তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে তখন সংশয় ছিল কোচের মনেও।
সৌদি আরবে হতাশাজনক অধ্যায় শেষে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। পুরোনো ক্লাবে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পান তিনি। সান্তোসের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েই শেষ পর্যন্ত কোচের আস্থা অর্জন করেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তাঁর গোল ৭৯টি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
আলিসন, এদেরসন, ওয়েভারতন।
রক্ষণভাগ:
অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।
মধ্যমাঠ:
ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
আক্রমণভাগ:
এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।