সকল মেনু

চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রামে সাত দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল এবং তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সভায় আরও জানানো হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নগরের দামপাড়া, অলংকার মোড়, একে খান, ইপিজেড, বন্দর এলাকা, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা ও কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ ট্রাফিক নজরদারি জোরদার করা হবে।

এছাড়া ফিটনেসবিহীন ও পুরনো যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন রোধ এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top