সকল মেনু

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং দেশটিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ‘ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।

এর আগে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ বন্ধে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে দেশটির পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। কয়েক দিন আগে তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতি ‘মুমূর্ষু অবস্থায়’ রয়েছে।

এদিকে কাতারভিত্তিক দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি মনে করছেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এলমাসরি বলেন, ট্রাম্পকে বিভিন্ন পক্ষ থেকে পরামর্শ দেয়া হচ্ছে। এর মধ্যে নেতানিয়াহু ছাড়াও ট্রাম্প প্রশাসনের ‘অত্যন্ত যুদ্ধবাজ ব্যক্তিরা’ রয়েছেন।

তার মতে, ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ ট্রাম্প আশা করেছিলেন, তা তিনি পাননি। পাশাপাশি আলোচনা যেভাবে এগোবে বলে তিনি ধারণা করেছিলেন, বাস্তবে তা হয়নি বলেও মন্তব্য করেন এলমাসরি।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ সম্মেলন নিয়েও ট্রাম্পের উচ্চ প্রত্যাশা ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top