আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। আদালত বলেছেন, ‘আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।’
রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন মাহিন এম রহমান।
এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন।
পরে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত স্পষ্টভাবে জানিয়েছেন যে, বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক একটি রিট আবেদন করা হয়।
সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন ওই রিট আবেদন দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।