সকল মেনু

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।

এরও আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে দেওয়া রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন।

গত ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় খায়রুল হকের জামিন মঞ্জুর করেন। পরে ১১ মার্চ দুদকের আরেক মামলায়ও তিনি জামিন পান। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। এরপর যাত্রাবাড়ী থানার আরিফ হত্যা এবং আদাবর থানার রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং ১২ মে ওই দুই মামলায় জামিন লাভ করেন।

বর্তমানে খায়রুল হকের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top