সকল মেনু

চুক্তি না করলে ধ্বংসের মুখে পড়বে ইরান: ট্রাম্প

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানকে ‘ধ্বংস’ বা পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানকে হয় একটি চুক্তিতে আসতে হবে, নয়তো ধ্বংসের শিকার হতে হবে। তেহরানের ওপর চাপ বাড়াতেই তার এই বক্তব্যকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান সম্প্রতি ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তিনি বলেন, ইরান ভূগর্ভ থেকে কিছু ক্ষেপণাস্ত্র বের করেছে এবং সেগুলো মাত্র এক দিনের মধ্যেই ধ্বংস করে দেওয়া সম্ভব।

তবে ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে তুলনামূলক ইতিবাচক মন্তব্যও করেন ট্রাম্প। তার মতে, বর্তমান কর্মকর্তারা আগের নেতাদের তুলনায় বেশি বিচক্ষণ এবং যৌক্তিক আচরণ করছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, আলোচনার ক্ষেত্রে ইরানের আচরণে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যাচ্ছে।

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, জনমতের বিষয়টি বাদ দিলে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে এটি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি ইরানের ইউরেনিয়াম সংগ্রহের বিষয়টি সামনে এনেছেন এবং এটি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর।

তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সামরিক হামলার ইঙ্গিত নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

তবে শেষ পর্যন্ত ইরান আলোচনার পথ বেছে নেবে বলেই আশা প্রকাশ করেন ট্রাম্প। অন্যথায় ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top